মুখোমুখি দেখায় ৫১ ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র ৯টিতে। সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য দুদলকেই রেখেছে সহাবস্থানে। ফরম্যাট যেটিই হোক, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে রোমাঞ্চকর লড়াই দেখা যায় সর্বত্র। মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপ শুরুর আগে আরেকটি জায়গায়ও মিলে যাচ্ছে, দলে চোটজর্জরতায় কেউ কারও চেয়ে পিছিয়ে নেই।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাঘ-সিংহের লড়াই শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও জানালেন শক্তির বিচারে দুদলকে পৃথক করা কঠিন, ‘আমার মনে হয় দুই দল একই অবস্থায় আছে, মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। দুই দলেরই শক্তি ও দুর্বলতার জায়গা একইরকম। দুই দলের জন্যই সমান সুযোগ আছে।’
অভিজ্ঞ ওপেনার লিটন দাস ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে এনামুল হক বিজয় রয়েছেন শ্রীলঙ্কার পথে। হুট করে কেনো তাকে ডাকা হলে সেটি ব্যাখ্যাও দিয়েছেন সাকিব।
‘যেহেতু আমাদের আরেকজন উইকেটকিপার নেই, এক্সট্রা উইকেটকিপার, তাই এইটা একটা বিষয়। লিটনও টপঅর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপঅর্ডারে ব্যাটিং করে। আর যদি মুশফিক ভাইয়ের কিছু হয়, কনকাশন হতে পারে, ছোট-খাটো ইনজুরি হতে পারে। দেখা যাচ্ছে ওইদিন উনি কিপিং করতে পারছে না। যেহেতু এখন একটা রুলস আছে, সেকেন্ড উইকেটকিপার যদি ম্যাচে না খেলে সেও কিপিং করতে পারবে। তাই এইটা একটা অপশন। গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে নেয়া।’
বিজয় বাংলা টাইগার্সের ক্যাম্পে চট্টগ্রামে ছিলেন। জাতীয় দলে আবার ডাক পেয়ে রোমাঞ্চিত তিনি। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জানান, ভক্তদের ভালোবাসা আর দোয়া তাকে সুযোগ করে দিয়েছে এশিয়া কাপে খেলার।










