যার যার অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ নিজ কর্মক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দিয়ে, দেশের অর্থনীতির চাকা যাতে সচল থাকে সেভাবে কাজ করে যেতে বলেছেন।
ঈদের এ শুভ দিনে প্রধানমন্ত্রীর বাসভবন যেন সকলের জন্য উন্মুক্ত। রাজনীতিক, সামাজিক, পেশাজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদের শুভেচ্ছা জানাতে আসা মানুষের অনুরোধ, অভাব-অভিযোগ প্রধানমন্ত্রী শুধু শুনলেনই না, সমাধানও দিলেন। গানে-গল্পে এক আনন্দ আয়োজন গণভবনে।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ইসলামের মতো শান্তির ধর্মের নামে মানুষ খুন করছে তারা এ ধর্মকে হেয় করছে। কিছু কিছু ঘটনা উন্নয়ন থমকে দিলেও সব মোকাবেলা করার সক্ষমতা এ সরকারের রয়েছে বলেও জানান শেখ হাসিনা।
পরে কুটনীতিকদের সঙ্গে ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।










