নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, যতদ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। সঙ্গে ইঙ্গিত দিয়েছেন চিরতরে বদলে যাবে নিউজিল্যান্ডের খেলা আয়োজনের সবরকম ব্যবস্থাও।
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার কারণে এখন পর্যন্ত ৪৯জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। হামলার কারণে বাতিল করা হয়েছে শনিবার শুরুর কথা থাকা কিউই-টাইগার তৃতীয় টেস্টও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে টেস্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সঙ্গে নিউজিল্যান্ড ডেভেলপমেন্ট দলের মধ্যকার দুটি ম্যাচও বাতিল করা হয়।
শুক্রবার হামলার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ডেভিড হোয়াইট। তিনি জানান, টেস্ট বাতিল ছাড়া ‘কোন বিকল্প’ খোলা ছিল না।
‘আমি বাংলাদেশে কথা বলেছি। দুপক্ষই একমত হয়েছি যে ক্রিকেট ম্যাচ চালিয়ে যাওয়ার মতো উপযুক্ত সময় না এখন। আসলে সময়ের হিসেবে এটা ছিল খুব সহজ সিদ্ধান্ত।’
এদিকে টেস্ট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছে আইসিসিও। বিবৃতিতে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে প্রশংসা করেছেন ক্রিকেটের অভিভাবক সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, ‘ক্রাইস্টচার্চে আক্রান্তদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। দুই দলের খেলোয়াড়, স্টাফ, কর্মকর্তারা পুরোপুরি নিরাপদে আছেন। টেস্ট ম্যাচ বাতিলের সিদ্ধান্তকে আইসিসি পুরোপুরি সমর্থন জানাচ্ছে।’
মসজিদে হামলার সময়টাতে নিজেদের নির্ধারিত সূচির দশ মিনিট পর পৌঁছানোর কারণে ভয়ঙ্কর বিপদে পড়েনি বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার টিম বাস তো দূরের কথা মসজিদের আশেপাশে ছিলেন না কোনো নিরাপত্তাকর্মী। যে কারণে হামলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভয়াবহ এই হামলা থেকে শিক্ষা নিয়ে খেলাধুলার অবকাঠামো তো বটেই, হোয়াইটের মতে বদলে যাবে নিউজিল্যান্ডের পুরো আইনশৃঙ্খলা ব্যবস্থাও, ‘এই হামলা খুবই বেদনাদায়ক। এর কারণে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অবকাঠামো হয়তো পাল্টে যাবে পুরোপুরি ভাবে। আমার মনে হয় নিউজিল্যান্ডের সবকিছুই পাল্টে যাবে।’
‘আমাদের আইনশৃঙ্খলার সক্ষমতার দিকে নজর রাখতে হবে। নিউজিল্যান্ড স্বর্গ- এই ধারণাটাই পাল্টে যাবে চিরতরে। আমাদের ভীষণ, ভীষণরকম সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষ, খেলাধুলা সংস্থাগুলোকেও তাই হতে হবে।’
যতদ্রুত সম্ভব বাংলাদেশ দলকে ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছেন হোয়াইট। কিউই ক্রিকেটারদের যার যার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হামলার আশেপাশের অবকাঠামোগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে যতদ্রুত সম্ভব টাইগার ক্রিকেটারদের ফিরিয়ে আনার চেষ্টার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
‘‘আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফোন করেছি যে, আমাদের দলটাকে যতদ্রুত সম্ভব বাংলাদেশে নিয়ে আসতে চাই। এখন তো ওখানে স্থবির অবস্থা, কোথাও কিছু চলছে কিনা, এয়ারপোর্ট চালু আছে কিনা সেটাও আমরা জানি না। আমি ওনাকে বলেছি আমরা এখান থেকে টিকেট কাটার ব্যবস্থা করছি। কিন্তু ওদের ওখান থেকে বের করে বিমানে উঠানোর ব্যবস্থা করার জন্য সাহায্য দরকার। তিনি বলেছেন, ‘আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, সর্বাত্মক চেষ্টা করছি।’’
‘অশেষ রহমত আমাদের ক্রিকেটাররা বেঁচে গেছে’
স্তব্ধ ক্রিকেট বিশ্ব, স্বস্তি টাইগাররা নিরাপদে থাকায়
‘যারা নিরাপত্তা দিতে পারবে না আমরা সেখানে যাব না’
ঘটনাস্থলে যেতে পুলিশের যত সময় লেগেছে, এটা অস্বাভাবিক
ভয়াল অভিজ্ঞতা ও ক্রিকেটারদের ফেরা নিয়ে খালেদ মাসুদ যা বললেন
বাংলাদেশ দলের দেরি হয়েছিল বলেই…
সফর স্থগিত, হচ্ছে না ক্রাইস্টচার্চ টেস্ট
নিরাপদে হোটেলে পৌঁছেছে বাংলাদেশ দল
ভয়ঙ্কর অভিজ্ঞতা: তামিম
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, নিরাপদে বাংলাদেশের ক্রিকেটাররা







