বরিশালকে বুলসকে ১২ রানে হারিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্বে দারুণ সূচনা করেছে রংপুর রাইডার্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল দুই বল হাতে রেখেই গুটিয়ে যায় ১৬৩ রানে।
১৭৬ রানের বড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশাল বুলসের। সোহাগ গাজীর করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই দিলশান মুনাবিরা উইকেটের পেছনে মোহাম্মদ শাহজাদের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফিরলে চাপের মুখে পড়ে মুশফিকের দল।
এরপর তৃতীয় ওভারে ফের বরিশাল শিবিরে হানা দেন সোহাগ। তার করা ওভারের চতুর্থ বলে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন শাহরিয়ার নাফিস।
১৮ রানে দুই শীর্ষ ব্যাটসম্যানকে হারিয়ে চাপের মুখে পড়া বরিশালকে বিপদমুক্ত করার চেষ্টা করেন মুশফিক ও মেন্ডিস। তবে দলীয় ৪৮ রানের মাথায় মুশফিক স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে ম্যাচ থেকে অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বরিশাল।
তবে চতুর্থ উইকেট জুটিতে নাদিফ চৌধুরী ও জীবন মেন্ডিস ৭৪ রান যোগ করে বরিশালকে ম্যাচে ফেরায়।
জীবন মেন্ডিস ৫৩ বলে তিনটি করে চার ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন। অপরদিকে নাদিফ ২৫ বলে তিন ছয়ে করেন ৪১ রান।
দলীয় ১২২ রানে নাদিফকে আফ্রিদি ও ১৩৫ রানে মেন্ডিস আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বরিশাল।
রংপুরের বোলারদের মধ্যে সোহাগ গাজী তিনটি উইকেট নেন। এছাড়া রুবেল হোসেন ও শহীদ আফ্রিদি দু’টি করে উইকেট নেন।
এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে সংগ্রহ করে ১৭৫ রান।দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মোহাম্মদ মিথুন।










