বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পার্বত্য চট্টগ্রাম যখন মহাবিপর্যয়ে বিধ্বস্ত তখন প্রধানমন্ত্রী সুইডেনে লাল গালিচা সংবর্ধনা নিচ্ছেন। এছাড়া কয়েকজন সেনা কর্মকর্তাসহ দেড় শতাধিক মানুষের লাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রীর সুইডেন সফর স্থগিত না করায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি।
এসব কার্যক্রমের ফলে আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসছে মন্তব্য করে তাদেরকে বিদায় নেয়ার কথাও ভাবতে বলেছেন রুহুল কবির রিজভী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ যদি মনে করে ৫ জানুয়ারির মত নির্বাচন করে অবৈধ ক্ষমতা ভোগ করবে, তাহলে তারা ভুল করছে। ৫ জানুয়ারির মতো নির্বাচনের সুযোগ তাদেরকে আর দেয়া হেবে না। এখন তাদের বিদায়ের সুর বাজছে। তাই কীভাবে তারা বিদায় নেবেন তাদেরকে সেটাই ভাবতে হবে।
তিনি বলেন, ডাকাত বা অপরাধীরা ক্ষমতায় থাকলে ভদ্রলোক ও ভালো মানুষদের কারাগারে থাকতে হয়। আর এই কারণে বরকত উল্লাহ বুলু কারাগারে।
এসময় তিনি বরকত উল্লাহ বুলু’র নি:শর্ত মুক্তির দাবি জানান।







