বেশ কয়েক বছর চেষ্টার পরও কোন নারী সঙ্গী জোটাতে না পেরে হতাশ এক চীনা প্রকোশলী রোবটকেই বিয়ে করে ফেললেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিশেষজ্ঞ ঝেং জিয়াজিয়া (৩১) গত বছরের শেষ দিকেই তার ভবিষ্যত স্ত্রীকে নির্মাণ শেষ করেছিলেন। রোবট স্ত্রীর নাম দিয়েছেন ইয়েংইং।
স্ত্রী রোবটটি কিছু চীনা অক্ষর ও ছবি চিনতে পারে, কয়েকটি শব্দও বলতে পারে সে। সঙ্গীকে (!) আরও উন্নততর করার চেষ্টাও করবেন বলে জানিয়েছেন ঝেং, যাতে সে হাঁটতে ও গৃহস্থালী কাজে অংশ নিতে পারে।
স্থানীয় সময় শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অদ্ভুত বিয়ে সম্পন্ন হয়। এসময় কনের (!) মাথায় জড়ানো ছিলো ঐতিহ্যবাহী লাল স্কার্ফ। বর ঝেং-এর মা, বন্ধু ও সহকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা স্থানীয় গণমাধ্যমকে জানায়, বান্ধবী খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন ঝেং। তাই তার এমন পদক্ষেপ।

ঝেং জিয়াজিয়া ২০১৪ সালে চীনের বহুজাতিক মোবাইল ফোন প্রতিষ্ঠান হুয়াওয়ে থেকে চাকরি ছেড়ে দেন। পরে গত বছর চীনের ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান হ্যাংঝুস ড্রিম টাউনে যোগ দেন।

তবে এমন অস্বাভাবিক ঘটনার পূর্বাভাস কিন্তু আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে রোবট-মানব সম্পর্ক আর অস্বাভাবিক থাকবে না, এমন অভিমত এসেছিলো আগেই। পরবর্তী ৩৫ বছরে এমনটি দেখা যাবে বলে সম্প্রতি বিশেষজ্ঞরা দাবি করেন। (সূত্র: মেইল অনলাইন)

সেক্স রোবটের জনপ্রিয়তা বৃদ্ধির প্রতিও ইঙ্গিত করেছিলেন তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় উন্নয়নের ফলে এমনকি মানুষ সঙ্গির চেয়ে রোবটই বেশি আকর্ষণীয় হয়ে উঠবে, এমন উদ্বেগজনক বার্তাও দিয়েছিলেন রোবট বিশেষজ্ঞ ও ‘লাভ এন্ড সেক্স উইথ রোবটস’ এর লেখক ড. ড্যাভিড লেভি।
লন্ডনের অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেছিলেন, রোবট ও মানুষের বিয়ের প্রথম ঘটনাটি ঘটবে ২০৫০ সালের আগেই, পরে নয়। তবে এমন অস্বাভাবিকতা যে এতো দ্রুতই বাস্তব হবে, তার আশঙ্কা যে ২০১৭-তেই সত্যি হবে, তা হয়তো তিনিও আশা করেননি।










