রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপির ত্রাণের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, কয়েকটা ট্রাক নিয়ে গিয়েছিল। সেখানে ত্রাণ ছিল কি-না সন্দে আছে। অন্য কিছু থাকলেও থাকতে পারে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত গড়ে উঠেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এবারই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে একমত হয়েছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে। অতিরিক্ত মানুষকে জায়গা দেওয়ার মতো অবস্থা আমাদের নেই। শরণার্থীদের চাপ সামলানো এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, সতর্কতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলা করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এ নেতা।
ওবায়দুল কাদের বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন এ ব্যাপারে ভারত বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া মিত্র দেশগুলো বাংলাদেশের পাশে রয়েছে।
এর আগে বুধবার বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণবাহী ২২টি ট্রাক জেলা প্রশাসন ও পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। ত্রাণ বিতরণে বাধা দেয়ার এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা আব্বাস বলেন, তাকে হোটেলে যেতেও পুলিশ বাধা দেয়।
জেলা প্রশাসন ও পুলিশের বাধার মুখে ত্রাণবহর নিয়ে শরণার্থীদের অস্থায়ী ক্যাম্পে যেতে না পেরে বিএনপি’র প্রতিনিধি দল ওই দিন কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।










