এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জ্বালানি তেলের সাশ্রয়ে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে সরকারি কার্যক্রম কার্যকর ও গতিশীল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারীদের যথাসম্ভব অনলাইনে যুক্ত করার কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মতে, এতে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে।
তবে বিশেষ প্রয়োজন হলে সরাসরি সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা যাবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় যৌক্তিকতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে একই বিষয়ে গত ২২ এপ্রিল জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের আগের সার্কুলারটি এ প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে।








