ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের জন্য (এসএমই) ও ভোক্তা ঋণ বিতরণের পরিমাণ বাড়াবে বলে জানিয়েছে প্রাইম ব্যাংক। সেই পরিকল্পনায় আগামী তিন বছরের মধ্যে এ খাতে ঋণ বিতরণের পরিমাণ ৪০ শতাংশে নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।
সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে ব্যাংকটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ভবিষ্যতে আমাদের প্রধান লক্ষ্য হবে এসএমই এবং ভোক্তা ঋণ বাড়ানো। প্রান্তিক অঞ্চলে এসএমই ও ভোক্তা ঋণের সুফল পৌঁছে দিতে প্রাইম ব্যাংকের ৮০টির বেশি শাখায় বিশেষজ্ঞরা কাজ করছেন। ২০১৭ সালে মোট ঋণের ২২ থেকে ২৪ শতাংশ ছিল এসএমই ও ভোক্তা ঋণ, ২০২১ সাল নাগাদ ৪০ শতাংশে নিয়ে যাওয়া হবে।
প্রাইম ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মোট বিতরণ করা ঋণের মধ্যে এসএমইতে অবদান ৯ দশমিক ২৯ শতাংশ, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেড়ে প্রায় ২ হাজার ২২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
গত তিন মাসে অনেক ব্যাংকে তারল্য নিয়ে সমস্যা সৃষ্টি হলেও প্রাইম ব্যাংকে কোনো সংকট হয়নি উল্লেখ করে রাহেল আহমেদ বলেন, ব্যাংকিং খাতে তারল্য সংকট থাকলেও প্রাইম ব্যাংকে নেই। এই ব্যাংক এখনো অনেক নতুন গ্রাহককেও বড় অংকের ঋণ দিচ্ছে। বাস্তবতা থাকলে কোনো গ্রাহককে একশ থেকে দেড়শ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিআরআর কমানোর ফলে ব্যাংকিং খাতে ইতিবাচক প্রভাব পড়ছে কিনা তা বুঝতে কিছুটা সময় লাগবে। রাতারাতি পরিবর্তন আসবে এটা আশা করা ঠিক না।
‘তবে, আমরা মনে করি যেভাবে ব্যাংকিং খাত নিয়ে কাজ করা হচ্ছে এভাবে চললে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ব্যাংকিং খাতের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে।’
প্রাইম ব্যাংকের এমডি বলেন, ব্যাংকিং খাত বিপর্যযের মধ্য রয়েছে মনে হয় না। দেশের অর্থনীতি একটা বিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। ব্যাংকিং খাতও দেশের অর্থনীতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে। তবে ব্যাংকিং খাত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এই খাতে কিছুটা চড়াই উৎড়াই সব সময় ছিল, আছে এবং থাকবে। শুধু বাংলাদেশে নয় পৃথিবীর সব জায়গায় এটা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাইম ব্যাংকের ঋণ আমানতের অনুপাত (এডিআর) কখনো ৮৩ দশমিক ৫ শতাংশের বেশি ছিল না, এখনো নেই। প্রাইম ব্যাংক কখনো আমানত সংগ্রহের ক্ষেত্রে দুই অংঙ্কের ঘরে যায়নি। আমাদের গড় আমানত সংগ্রহের ক্ষেত্রে সুদের হার ৮ শতাংশের কম।
১৯৯৫ সালের ১৭ এপ্রিল প্রাইম ব্যাংক যাত্রা শুরু করে। সর্বশেষ ২০১৭ সালে প্রাইম ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ১৯ হাজার ৯০১ কোটি টাকা। একই সময়ে ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ ১৯ হাজার ৮শ ৩২ কোটি টাকা।
বর্তমানে সারাদেশে ব্যাংকটির ১৪৬টি শাখা আছে। এর মধ্যে ১৮টি এসএমই শাখা, ৫টি ইসলামি ব্যাংক শাখা এবং সারাদেশে ব্যাংকটির ১৭০টি এটিএম বুথ রয়েছে।










