সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় আগামী ৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে হত্যাকাণ্ডের পর গত ছয় বছরে এ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ৫৯ বারের মতো পেছালো।
মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন।
এর আগে প্রথম মামলাটি তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। তারপর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়। দুই মাসের বেশি সময় ডিবি তদন্তের পর একপর্যায়ে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র্যাবকে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত র্যাব এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি।
মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি এই সাংবাদিক দম্পতিকে ঢাকায় পশ্চিম রাজাবাজার এলাকায় তাদের বাসায় নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার সময় ঐ বাসায় থাকা তাদের একমাত্র শিশু সন্তান মাহি সরওয়ার মেঘ বেঁচে যায়।








