তিন বছর পালিয়ে থেকেও শেখ রক্ষা হলোনা জয়পুরহাটের আক্কেলপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জালাল সরদার জালুর। তথ্য প্রযুক্তির সহায়তায় নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে আক্কেলপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. জালাল সরদার জালু আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে। সাজার ভয়ে তিনি ৩ বছর পালিয়ে ছিলেন দেশের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানিয়েছে, ২০০৬ সালে একটি হত্যা মামমায় ২০১৩ সালে জালাল সরদার জালুসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। পরে হাইকোর্টে রিটের প্রেক্ষিতে জালু জামিনে বেরিয়ে আসেন। এরপর ২০১৯ সালে হাইকোর্ট তাদের রিটটি খারিজ করে দিলে তার বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
সে সময় থেকে সাজার ভয়ে জালাল সরদার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকায় আক্কেলপুর থানার একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









