মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও পরীমনি অভিনীত প্রথম ছবি ‘গুণিন’। ১১ মার্চ জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।
খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা সেলিম।
গেল বছর ‘গুণিন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন শরিফুল রাজ ও পরীমনি। শুটিং করতে গিয়ে তারা প্রেম করে বিয়ে করেন। আলোচিত এ দম্পতির ব্যক্তিগত জীবনে এক হওয়ার নেপথ্যেই ছিল চরকি অরিজিনাল প্রযোজিত ‘গুণিন’ ছবিটি।
শুটিং গত বছর শেষ হলেও গেল ২০ মার্চ গুণিন আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেয়া হয়ে এ ছবির গল্প। নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আরও অভিনয় করেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে গুণিন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফমেন্স দেখিয়েছেন। পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।








