জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য বিরোধী আন্দোলনে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনায় একমাস বন্ধ থাকার পর ৫ ডিসেম্বর থেকে হলগুলো এবং ৮ ডিসেম্বর থেকে শিক্ষা কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়।
বুধবার বিকেলে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি ওই সিন্ডিকেট সভায় ৫ ডিসেম্বর সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং ৮ ডিসেম্বর থেকে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর উপাচার্য বিরোধী চলা আন্দোলনে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক সিন্ডিকেট জরুরি সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি বিকেল সাড়ে ৪টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়ার নির্দেশও দেয়া হয়।

এর আগে উপাচার্যের অপসারণের দাবিতে চলা আন্দোলনে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনায় আহত হন তিন সাংবাদিকসহ অন্তত ১২ জন।






