খেলোয়াড়ি জীবনে বহু ব্যাটসম্যানকে আহত করেছেন! তার বলের আঘাতে মাঠে কাতরানো ব্যাটসম্যানদের তালিকাও লম্বা! তাদের সবার জন্যই সমান সমবেদনা আছে শোয়েব আখতারের। শুধু একজন বাদে! তিনি ম্যাথু হেইডেন। অজি সাবেক উদ্বোধনীকে নাকি আঘাত করতে সবসময় মুখিয়ে থাকতেন পাকিস্তানি সাবেক গতি তারকার। টুইটারে ভক্তদের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন।
টুইটে তার বলে আহত হওয়া ১৯ জন ব্যাটসম্যানের কাছে দুষ্টুমির ছলে দুঃখ প্রকাশ করেছেন শোয়েব, ‘তাদের আহত করাটা আমাকে কখনই আনন্দ দিত না। শুধু একজনকে ছাড়া। বলুন তো সে কে?’
ভক্তদের কিছুক্ষণ অপেক্ষায় রেখে নিজেই উত্তর দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘সেই নামটা হল ম্যাথু হেইডেন! যাকে আমি দিন-রাত, ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ, সব সময় আঘাত করতে চাইতাম! এখন কিন্তু সে আমার সেরা বন্ধু।’
হেইডেনকে এখন সেরা বন্ধু মনে করলেও মাঠের সময়গুলোতে এই বাঁহাতিকে বেশ জ্বালিয়েছেন শোয়েব। খেলোয়াড়ি জীবনে দুজনের দ্বৈরথের শুরুটা ১৮ বছর আগে। ১৯৯৯-২০০০ সালে কুইন্সল্যান্ডের হয়ে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টিতে ১২৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন হেইডেন। ১৫টি চারের সঙ্গে শোয়েবকে বিশাল একটি ছক্কাও হাঁকিয়েছিলেন। যেটা পছন্দ হয়নি শোয়েবের। একের পর এক বাউন্সারে কাবু করেছেন প্রতিপক্ষকে। দুবার বল গায়ে লাগিয়েছেন হেইডেনের। শেষ পর্যন্ত আউট করেই ছেড়েছেন হেইডেনকে।







