পুলিশি নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়েছে রাব্বীকে। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবং একটু নিরিবিলি থাকতেই রাব্বী দ্রুত হাসপাতাল ছেড়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে তিনি জানিয়েছেন।
শুক্রবার রাব্বী তার শারিরীক অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেন, এখন মোটামুটি ভালো আছি। আর হাসপাতালে থাকলে বিভিন্ন কথা-বার্তায় বেশি অসুস্থবোধ করছিলাম। ডাক্তারের পরামর্শে তাড়াতাড়ি ছাড় নিয়ে গ্রামের বাড়ি এসেছি। তবে নিয়মিত ডাক্তারদের ফলোআপে থাকতে হবে।
স্বাভাবিক জীবনে ফিরে যেতে তিনি সবার সহযোগিতা চেয়ে বলেন, আমি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।
ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের রেজিষ্টার ডা. রাশিদুল হক বলেন, রাব্বীর অবস্থা এখন বেশ ভাল। তাই চিকিৎসকদের বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে ছুটি দেওয়া হয়েছে।’
ডা. রাশিদুল আরো বলেন, তার যে সমস্যাগুলো ছিলো, সেগুলো দ্রুত সেড়ে যাচ্ছে। সে এখন ফলোআপে থাকবে। আশাকরি সে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাব্বী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সকলের দোয়া কামনা করেছেন, সেইসাথে তিনি দ্রুত কর্মক্ষেত্রে ফিরতে পারবেন বলেও আশাবাদ জানিয়েছেন।






