হজ শেষে দেশে ফিরতে জেদ্দা বিমান বন্দরে ফ্লাইটের জন্য এবং দেশে ফিরে লাগেজের জন্য অপেক্ষায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজিরা। হজযাত্রী পরিবহনে অব্যবস্থাপনার জন্য হাজি এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
পবিত্র মক্কায় ক্রেন দুর্ঘটনা এবং মিনা ট্র্যাজেডিতে শত শত হাজির মৃত্যুতে এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন হাজীরা। তারপর হজ শেষে ফ্লাইটের জন্য জেদ্দার বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে সীমাহীন অপেক্ষা করতে হচ্ছে তাদের।
কোনোরকমে বিমানে চেপে দেশে ফিরেও ভোগান্তি তাদের ছাড়ছে না। বিমানবন্দরে লাগেজের জন্য কয়েকদিন ধরে পড়ে থাকলেও খোঁজ নেয়ার কেউ নেই বলে অভিযোগ করেন হাজিরা।
হাজিদের অবস্থা দেখতে সকালে বিমানবন্দরে আসেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। হাজিদের কষ্ট লাঘবে কিছু নির্দেশনা দেন তিনি। লাগেজের জন্য অপেক্ষায় থাকা হাজিদের বিমানবন্দর থেকে সরিয়ে হজ ক্যাম্পে রাখার সিদ্ধান্ত হয়েছে।







