ডাকাতদের হামলায় এক পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ আরো পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।
একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে আদাউর এলাকায় হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ। এছাড়াও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য আহত হন।
আহত অন্যরা হলেন ব্যবসায়ী মো.আমিন, তার ভাতিজা এবং মাইক্রোবাসের চালক মোস্তাক মিয়া।
পুলিশ জানায়, মাইক্রোবাসটি আদাউর এলাকায় খাসতি নদীর পাড়ে একদল ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাত দল এলোপাতাড়ি কুপিয়ে সবার মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়।
পরে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।






