‘৫০ লাখ রুপি চাঁদা দিতে হবে। লক্ষ্ণৌর নির্দিষ্ট একটি ব্যাঙ্কের শাখায় ওই টাকা জমা দিতে হবে। নয়তো মহেশ ভাট, তার স্ত্রী সোনি রাজদান আর মেয়ে আলিয়া ভাটকে গুলি করে হত্যা করা হবে।’ ২৬ ফেব্রুয়ারি ফোনে এবং পরে এসএমএস আর হোয়াটসঅ্যাপে মহেশ ভাটকে হুমকি দেয় এক যুবক। গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশ থেকে এই হুমকিদাতা সন্দীপ সাহুকে গ্রেফতার করেছে পুলিশ।
হুমকিদাতা গ্রেফতার হয়েছে শুনে বৃহস্পতিবারই টুইট করে মুম্বাই পুলিশকে অভিনন্দন জানান বলিউডের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মহেশ ভাট।
কে এই সন্দীপ সাহু? মহেশ ভাটের কাছে সে নিজেকে ডি-কোম্পানির সদস্য বলে পরিচয় দেয়। কিন্তু পুলিশ জানিয়েছে, সন্দীপ সাহু বেকার যুবক। আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে ব্যবসার চেষ্টা করে ব্যর্থ হন। আর বছরের শুরুতে সে নাকি অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই গিয়েছিল। এনডিটিভি।








