লর্ডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের বেন স্টোকসকে আউট করার পরে কিছু একটা বলেছিলেন সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা। স্টাম্পের মাইক্রোফোনে ধরা পড়ে সেটা। আইসিসি বলছে ভাষাটা ‘অসৌজন্যমূলক’ ছিল! এরপর নিষিদ্ধ হন রাবাদা। মাইকেল ভন বলছেন, ‘স্টাম্পে ওই মাইক্রোফোন থাকাই উচিত নয়।’
বিবিসি রেডিওতে ক্রিকেটের আধুনিক প্রযুক্তির বিষোদগার করেছেন ইংলিশ সাবেক অধিনায়ক ভন। তার মতে যে প্রযুক্তি খেলোয়াড়দের নিষিদ্ধ করার কাজে ব্যবহৃত হয় সে প্রযুক্তিকে বিদায় জানানো উচিত, ‘আমি নোংরা কথার সাফাই গাইছি না। কিন্তু রাবাদার মতো একজন পেসারের নিষিদ্ধ হওয়াটাও মেনে নিতে পারছি না। যদি স্টাম্প-মাইক্রোফোনের কারণে এসব হয় তাহলে আমি হলে একে এখনি উপড়ে ফেলে দিতাম।’
এক টেস্ট নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে রাবাদার। কিন্তু এভাবে বোলারদের কথায় কথায় জরিমানা করাতে ভীষণ রেগেছেন ভন। তার মতে এতে আগ্রাসী মনোভাব হারিয়ে নখদন্তহীন হয়ে পড়তে পারে পেসাররা, ‘অতীতে যখন আমি বোলারদের মুখোমুখি হতাম এমন কোনও বোলারকে পাইনি যারা আমাকে গালি ছোঁড়েনি। আমি বলতে বাধ্য হচ্ছি, ম্যাচের চরম মুহূর্তগুলোতে এইরকম কথা বের হয়ে আসাটাই স্বাভাবিক।’
ভনের সঙ্গে তাল মিলিয়েছেন গ্রায়েম স্মিথও। সাবেক প্রোটিয়া অধিনায়কের চোখে এই নিষেধাজ্ঞা আইসিসির বিচার-বুদ্ধিহীনতার অভাব, ‘টেস্ট ম্যাচে তারকার দরকার। আর এই মুহূর্তে রাবাদাকে কিনা বসে থাকতে হচ্ছে সামান্য কিছু বোকামির জন্য!’







