মেরামত কাজের জন্য দেশের প্রথম সাবমেরিন কেবল আজ সোমবার মধ্যরাত থেকে তিন দিন বন্ধ থাকবে। সি-মি-উই-৪ নামের সাবমেরিন কেবলটি বন্ধ থাকায় ব্যান্ডউইথে সাময়িক ঘাটতির কারণে এই কয়েকদিন দেশে ইন্টারনেটে গতি কমে আসতে পারে।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,‘সি-মি-উই-৪ এর দ্বিতীয় রিপিটার প্রতিস্থাপনের জন্য ২৩ অক্টোবর ২০১৭ তারিখ থেকে আনুমানিক ৩-৪ দিন সি-মি-উই-৪ এর বাংলাদেশ অংশে বিএসসিসিএল এর সব সার্কিট বন্ধ থাকবে।’

তবে এটা সাময়িক পদক্ষেপ এবং দেশের ইন্টারনেট সংযোগের এই ঘাটতি দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) দিয়ে পূরণের চেষ্টা করবে বিএসসিসিএল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,‘এই সময়ে সি-মি-উই-৫ থেকে অতিরিক্ত ব্যান্ডউইথ সংগ্রহের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও আইজিডব্লিউ, আইআইজি এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।’

বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেবল (সাউথ ইস্ট এশিয়া-মিডিল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৪) সঙ্গে সংযুক্ত হয়। ২০০৫ সালে চালুর পর প্রথমবারের মতো এ সাবমেরিন কেবল সম্পূর্ণ বন্ধ করে দিয়ে এর মেরামত করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ।







