ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) মূল্যায়নে ২০১৫ সালের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে বার্সেলোনা।
বিশ্বের সব আনুষ্ঠানিক প্রতিযোগিতার ম্যাচের ফল নিয়ে তৈরি করা ক্লাবের বিশ্ব র্যাঙ্কিংয়ে বার্সা গতবছরে জন্য পেয়েছে ৩৭৯ পয়েন্ট।
দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এর পরে অবস্থান ইতালিয়ান ক্লাব জুভেন্টাস (২৮৬) এবং নাপোলির (২৬৮)।
একই প্রতিষ্ঠানের রেটিংয়ে ঘরোয়া লীগগুলোর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২৬২ পয়েন্ট নিয়ে সেরা লীগ নির্বাচিত হয়েছে স্পেনের লা লীগা। গতবারের মতো এবারও দ্বিতীয় ইতালির সিরি’এ (১ হাজার ১৭৭ পয়েন্ট)।
পরের অবস্থানগুলোতে যথাক্রমে জার্মানির বুন্দেসলিগা, আর্জেন্টিনার প্রিমেরা এ, ফ্রান্সের ফরাসি লিগ ও ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ।
জার্মানির বায়ার্ন মিউনিখ আছে ২৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে। ২৫৯ পয়েন্ট নিয়ে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির অবস্থান পঞ্চম। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের অর্জন ২৪১ পয়েন্ট।
অন্যদিকে, ইউরোপের ফুটবল কর্তৃপক্ষ উয়েফা আয়োজিত ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সেলোনা। শিরোপাজয়ী স্প্যানিশ দলটির পাঁচজনই তাই জায়গা পেয়েছেন গতবছরের উয়েফার বর্ষসেরা একাদশে।
এর মধ্যে আক্রমণভাগের তিনটি পজিশনের দুটি লিওনেল মেসি ও নেইমারের। অন্য পজিশনটি নিয়ে টানা দশমবার উয়েফার লাইনআপে জায়গা দখল করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো।
এগারো ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি আটজন খেলোয়াড়ই স্প্যানিশ লা লীগার। ইংলিশ প্রিমিয়ার লীগের নেই একজনও। ৪০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে একাদশ নির্বাচনের কাজটি করেছেন উয়েফা ওয়েবসাইটের ৭ দশমিক ২ মিলিয়ন পাঠক।
মেসি-নেইমারের সঙ্গে বার্সেলোনা থেকে জায়গা করে নিয়েছেন ডিফেন্ডার দানি আলভেজ ও জেরার্ড পিকে এবং মাঝমাঠের আন্দ্রেস ইনিয়েস্তা।
রোনালদোর পাশাপাশি রিয়াল মাদ্রিদ থেকে একাদশে জায়গা পেয়েছেন রক্ষণের সার্জিও রামোস এবং মিডফিল্ডার হামেশ রদ্রিগেজ।
জার্মানির বুন্দেসলিগা থেকে জায়গা হয়েছে বায়ার্ন মিউনিখের দু’জনের। গোলপোস্টে ম্যানুয়েল ন্যুয়ার এবং ডিফেন্সে অস্ট্রিয়ার ডেভিড আলাবা। ইতালির সিরি’এ থেকে জায়গা করে নেওয়া একমাত্র খেলোয়াড় জুভেন্টাসে খেলা ফরাসি তারকা পল পগবা।
ভোটের জন্য প্রকাশ করা সংক্ষিপ্ত তালিকায় থাকলেও একাদশে থাকার মতো সমর্থন পাননি ইংলিশ লিগের সার্জিও আগুয়েরো, ইয়াইয়া তোরে, অ্যালেক্সিস সানচেজ, এডেন হ্যাজার্ড ও ডিয়েগো কস্তারা।





