সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে দু’শ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী এবং সক্রিয় কর্মীদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে সিরিয়ার পাঁচটি এলাকার ২৫টি রুশ হামলার ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অমান্য করেই রাশিয়া সিরিয়ায় ওই হামলা চালিয়েছে যা যুদ্ধাপরাধের সামিল। তবে মস্কো বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বলেছে, জঙ্গিগোষ্ঠী আইএসকে লক্ষ্য করে চালানো ওই হামলায় সাধারণ নাগরিকদেরও প্রাণহানি ঘটছে।






