সাভারে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে সাভারের পোড়াবাড়ি মাঝিপাড়া এলাকায় বাড়িঘর ও মন্দিরে এই হামলা ও ভাঙচুর হয়।
হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে শারদীয় দুর্গাপূজার প্রতীমা বিসর্জন দেওয়ার সময় মাঝিপাড়া এলাকার কয়েকজন সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে বহিরাগত কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সকালে একশ’রও বেশি সন্ত্রাসী লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে সনাতন ধর্মাবলম্বী প্রায় ২০টি পরিবারের ওপর হামলা চালায়।
এছাড়া আশুলিয়ার ভাদাইল এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছে।
আহতদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।








