ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতের আঙ্গুলে চোট নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। তখনই বোঝা যাচ্ছিল হয়ত ব্যাটিংয়ে নামতে পারবেন না। ফাইনালে রান তাড়ার পথে ধুঁকতে থাকা দলের ত্রাতা হওয়ার সম্ভাবনা নেই। সঙ্গে দুঃসংবাদ বেড়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও পাওয়া যাচ্ছে না টাইগারদের সাদা পোশাকের অধিনায়ককে।
আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘চিড় ধরা না পড়লেও কনিষ্ঠ আঙুলের নিচের অংশ ফেটে গেছে সাকিবের। প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা খুবই কম। যেখান থেকে বল ডেলিভারি দেয়, ঠিক সেখানেই আঘাত পেয়েছে।’
জালাল ইউনুস অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন বিকেলে। সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে প্রথম টেস্টে সাকিবের না থাকার কথা।
দুর্ঘটনা ম্যাচের ৪২তম ওভারে। রান আউটের সুযোগ পেয়ে এক্সট্রা কাভার থেকে ছুটে গিয়ে বল ধরার সময় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। বাঁ-হাতের আঙুলে শঙ্কা ডোবানো চোটটি পান তখনই। মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গেই। ড্রেসিংরুমে না গিয়ে যান বিসিবির মেডিকেল রুমে। সেখান থেকে এক্স-রে করানোর জন্য সাকিবকে নেয়া হয় অ্যাপোলো হাসপাতালে। তারপর বাড়ছে দুঃসংবাদ!








