নীতি নৈতিকতা আর পেশাদারিত্বের অভাবে মানুষের আস্থা হারাচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা। নতুন সংবাদকর্মীদের তাই বেশি করে নীতি-নৈতিকতা ও পেশাদারিত্ব শিক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
সংবাদকর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কলম ও মাইক্রোফোন হাতিয়ার নয়; বরং সহযোগিতার উপাদান হতে হবে।
খাতা-কলমে সাংবাদিকতা এবং ট্রান্সমিশনের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনে চ্যানেল আই পরিদর্শন করেন প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ – পিআইবি’র পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা। তাদের
উদ্দেশে সংবাদ, গণমাধ্যম এবং সাংবাদিক হিসেবে গড়ে ওঠা নিয়ে বক্তৃতা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
তিনি বলেন, সংবাদের একটা ব্যাপক বিকাশ ঘটেছে। একই সঙ্গে সংবাদে নীতি-নৈতিকতার অবক্ষয়ও ঘটছে প্রতিনিয়ত। এটি শুধু বাংলাদেশের একক ঘটনা নয়; সারা পৃথিবীর। পেশাদারিত্বের জন্য নীতি-নৈতিকতার যে অবক্ষয় হয়, সেগুলো না থাকার ফলে সাংবাদিকরা সেগুলোকে তাদের লেখায় আনতে পারেন না। এ কারণেই সংবাদের বস্তুনিষ্ঠতা ও বিশ্বস্ততা নষ্ট হয়ে যায়। এ দিক থেকে প্রশিক্ষণ খুবই জরুরি বলে উল্লেখ করেন শাইখ সিরাজ।
দেশের কৃষি সাংবাদিকতার প্রবক্তা এবং গণমাধ্যম ব্যক্তিত্বকে সামনে পেয়ে নিজেদের ভেতরে থাকা অনেক প্রশ্নের উত্তর খোঁজেন শিক্ষার্থীরা। স্বতস্ফুর্তভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেন শাইখ সিরাজ।
‘বস্তুনিষ্ঠ একটি সংবাদের আচরণ কী হবে, আপনি কী বা কতটুকু বলতে অথবা দেখাতে পারবেন, কতটুকু বলতে পারবেন না, কতটুকু দেখাতে পারবেন না – এগুলো যতক্ষণ পর্যন্ত একটি সংবাদ প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ এই সময়টা লেগে যাবে,’ বলেন শাইখ সিরাজ।
পরে শিক্ষার্থীরা চ্যানেল আই’র অনুষ্ঠান, ট্রান্সমিশন, নিউজরুমসহ কারিগরি বিভাগগুলো ঘুরে দেখেন।








