মি মিক্স ২ মডেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনছে চীনের অ্যাপলখ্যাত শাওমি। অত্যাধুনিক ফিচার এবং বেজেললেস ডিজাইনের এই স্মার্টফোনটি সমসাময়িক অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
জায়ান্ট স্ক্রিনের স্মার্টফোনটির উপরে এবং দুই পাশে কোনো বেজেল নেই বললেই চলে। তবে নিচের দিকে কিছুটা বেজেল রাখা হয়েছে। সাধারণত স্মার্টফোনের উপরের দিকে ফ্রন্ট ক্যামেরা থাকলে ব্যতিক্রমও যে হতে পারে, তাই দেখিয়েছে শাওমি। মি ম্যাক্স ২ স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে ডিসপ্লের নিচে।

মি ম্যাক্স ২-এ থাকছে ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে, ১৮:৯ স্ক্রিন, ডিসপ্লের উপরের দিকে থাকছে হিডেন স্পিকার। মি ম্যাক্সে ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে থাকায় ফোনটি আকারেও ছিল বড়। তবে এবার ডিসপ্লের আকার কমিয়ে ফোনের আকারও কমানো হয়েছে।
ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট যা বর্তমান সময়ের উচ্চমূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে চোখে পড়ে। আরও আছে ৬ গিগাবাইট র্যাম, ৬৪/১২৮/২৫৬ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। তবে আপনার যদি ৬ গিগাবাইট র্যাম যথেষ্ট মনে না হয়, তাহলে আপনার জন্য আছে মি ম্যাক্স ২ স্পেশাল এডিশন যাতে রয়েছে ৮ গিগাবাইট র্যাম।

বর্তমানে একই ফিচারের অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দুটি রিয়ার ক্যামেরার ব্যবহার চোখে পড়লেও এই ফোনটিতে ১২ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরাই ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৩৮৬ সেন্সর। এর সাহায্যে ৪কে রেজ্যুলেশনে ভিডিও ধারণ করা যাবে। তবে স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরায় মাত্র ৫ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটির ৬৪ গিগাবাইট ভ্যারিয়েশনের মূল্য ধরা হয়েছে ৩২৯৯ ইউয়ান (৪১,৫০০ টাকা)। অন্যদিকে ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ৩৫৯৯ ইউয়ান (৪৫,০০০ টাকা) এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা) ধরা হয়েছে। তবে স্মার্টফোনটির ৮ জিবি র্যামের স্পেশাল এডিশনের মূল্য পড়বে ৪৬৯৯ ইউয়ান। আগামী ১৫ তারিখ থেকেই চীনের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে। তবে বিশেষ সংস্করণ বাজারে আসবে নভেম্বরে।







