মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ১৪৭ রান নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন শুরু করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শেষ পর্যন্ত ২৩৫ রান করে আউট হয়েছেন। তবে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। ভারতের পক্ষে কোনো অধিনায়কের এটাই সর্বোচ্চ টেস্ট ইনিংস।
ওকসের বলে এন্ডারসনের হাতে তালুবন্দী হওয়ার আগে ৩৪০ বলে ২৫টি চার ও একটি ছয়ে বিরাট কোহলি করেন ২৩৫ রান।
কোহলির আগে ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি (২২৪), শচীন টেন্ডুলকার (২১৭), সুনীল গাভাস্কার (২০৫) ও মনসুর আলী খান পতৌদি (২০৩) রানের ইনিংস খেলেছিলেন।
অধিনায়ক হিসেবে কোহলি ছাড়িয়ে গেছেন তার পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনিকে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাই টেস্টে ২২৪ করেছিলেন ধোনি। তার আগে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। কোহলির সঙ্গে নিত্য তুলনা চলছে যার, সেই টেন্ডুলকার অধিনায়ক হিসেবে ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে করেছিলেন ২১৭।
আর এই ওয়েংখেড় স্টেডিয়ামেই ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার খেলেছিলেন ২০৫ রানের একটি অবিস্মরণীয় ইনিংস।
ভারতের টেস্ট দলের সাবেক অধিনায়ক পতৌদি পরিবারের শেষ নবাব মনসুর আলী খান ১৯৬৪ সালে দিল্লীর ফিরোজ শাহ কোটলায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২০৩ রানের এক ম্যাচ বাঁচানো অনবদ্য ইনিংস খেলেছিলেন।







