বাংলাদেশের পশ্চিমাংশ ও আশপাশের এলাকায় লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার জন্য বাধাগ্রস্থ হয়েছে যান চলাচল। সপ্তাহের শেষ দিনে বৃষ্টি-বিড়ম্বনায় পড়তে হয়েছে বাইরে বের হওয়া সাধারণ মানুষকে।
এর মধ্যে কক্সবাজারে ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪শ’ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
জেলার ৩০টি ইউনিয়নের মানুষ পানিবন্দি রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাতামুহুরিসহ ৩টি নদীর পানি। বান্দরবানে বরিশালপাড়া, মেম্বারপাড়াসহ বেশ কয়েকটি এলাকার হাজারো মানুষ পানিবন্দী রয়েছে। বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।






