দুইবার লিড নিয়ে শেষ পর্যন্ত ২-৪ গোলে ম্যাচ হেরেছে বার্সেলোনা। শেষ মুহূর্তে এএস রোমার ৮ মিনিটের ঝড়-আঘাতে অবশ করে দিয়েছে কাতালানদের। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন কাপে এমন দশা মেসি-সুয়ারেজ-কৌতিনহোবিহীন বার্সেলোনার।
রোমা-বার্সা ম্যাচের প্রায় সব নজর ছিল ম্যালকমের দিকে। কারণ এই ম্যাচের মাত্র এক সপ্তাহ আগেই ঘোষণা দিয়েও যে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ানকে দলে নিতে পারেনি রোমা। ম্যালকমকে হারিয়ে রোমার অভিযোগ ছিল ৪০ মিলিয়ন ইউরোতে বার্সা তাকে ‘হাইজ্যাক’ করেছে।
বার্সায় যোগ দিয়ে প্রথম ম্যাচেই গোল করেছিলেন ম্যালকম। আগের ম্যাচে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোল করার পর রোমার বিপক্ষেও বৃহস্পতিবার গোল করেন ব্রাজিলিয়ান তরুণ।
মেসি-সুয়ারেজহীন বার্সায় অভিষেক ম্যাচ থেকেই আলো ছড়ান ম্যালকম। ম্যাচের ছয় মিনিটের সময়ই এদিন লিড নেয় বার্সেলোনা। দলকে এগিয়ে দেন রাফিনহা। তবে ৩৫ মিনিটে সমতায় ফেরে রোমা। ইতালিয়ানদের সমতায় ফেরান স্তেফান এল শারাওই।
টটেনহ্যাম হটস্পারকে পেনাল্টিতে হারানো আগের ম্যাচে গোল পেয়েছিলেন অভিষিক্ত দুই ব্রাজিলিয়ান ম্যালকম ও আর্থার। রোমা ম্যাচে ম্যালকম গোল পেলেও জাল খুঁজে পাননি আর্থার।
১-১ গোলে সমতায় থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সাকে আবার এগিয়ে দেন ম্যালকম। ৪৯ মিনিটে বার্সার জার্সিতে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের পৌনে একঘণ্টা পর্যন্ত এগিয়ে ছিল বার্সাই।
কিন্তু আচমকাই ঝড় তোলে আগের ম্যাচে টটেনহ্যামের কাছে ৪-১ গোলে হারা রোমা। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমিফাইনালিস্ট এবং কোয়ার্টারে বার্সাকে নাটকীয়ভাবে উড়িয়ে দেয়া ইতালিয়ান জায়ান্টারা ৮ মিনিটেই তিন গোল করে বসে।
৭৮ মিনিটে রোমাকে সমতায় ফেরান ইতালিয়ান তরুণ তারকা আলেসান্দ্রো ফ্লোরেনজি। এর পাঁচ মিনিট পরই দলকে লিড এনে দেন ব্রায়ান ক্রিস্টান্তে। প্রতিপক্ষে ঝড় যেন থামতেই চাইল না। তিন মিনিট পর আবারও বার্সার জালে বল জড়ায়। এবার পেনাল্টি থেকে গোলদাতা মেসির দেশের তারকা দিয়েগো পেরোত্তি।
মরিয়া হয়ে ওঠা বার্সা যে চেষ্টা করেনি তা নয়। একের পর এক আক্রমণে রোমা ডিফেন্সের ঘাম ঝরালেও শেষ রক্ষা করতে পারেনি তারা।








