রোনালদো ম্যাজিকে জাপানি ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতে নিলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ জায়ান্ট রিয়ালের পক্ষে হ্যাটট্রিক করেন সদ্য ব্যালন ডি’অর জয়ী রোনালদো। আরেকটি গোল আসে করিম বেনজামার পা থেকে। কাশিমা অ্যান্টলার্সের পক্ষে দুটি গোলই করেন গাকু সিবাসাকি।
শুরু থেকেই স্বাগতিক ক্লাবের ওপর চড়াও হয়ে খেলতে থাকা রিয়ালকে গোলের দেখা পেতে বেশি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়নি। ৮ মিনিটে করিম বেনজামার গোলে লিড পায় লস ব্লাঙ্কোসরা।
লুকা মড্রিচের নেওয়া শট জাল খুঁজে পেতে ব্যর্থ হলে ফিরতি বল জোরালো শটে অ্যান্টলার্সের জালে জড়ান রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা।
এরপর ব্যবধান বাড়াতে সচেষ্ট রিয়াল উল্টো গোল হজম করে বসে। ম্যাচের ৪৪ মিনিটে কাশিমা অ্যান্টলার্সের পক্ষে গোল করে খেলায় সমতা আনেন গাকু সিবাসাকি। ডি বক্সের সমান্য বাইরে থেকে জোরালো শটে রিয়ালের জালে বল জড়ান সিবাসাকি।
৮ মিনিট বাদে ব্যবধান দ্বিগুন করে অ্যান্টলার্স। এবারের গোলটিও গাকু সিবাসাকির পা থেকে।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া রিয়াল অবশ্য গোল শোধে খুব একটা সময় নেয়নি। ৮ মিনিট বাদে ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের পক্ষে গোল আদায় করে নেন রিয়াল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো দল গোল না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৭ ও ১০৪ মিনিটে রোনালদো কাশিমা অ্যান্টলার্সের জালে বল জড়ালে জয় নিশ্চিত হয় রিয়ালের। দ্বিতীয় বারের মতো ট্রফি চলে যায় মাদ্রিদের ঘরে।








