ব্যাটিংয়ে লোকেশ রাহুল। বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল। দুই ভারতীয়র সামনে রীতিমত হাবুডুবু খেল শ্রীলঙ্কা। তাতে প্রথম টি-টুয়েন্টিতে ভারতের সামনে দাঁড়াতে না পেরে ৯৩ রানে হেরে বসেছে লঙ্কানরা।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে কটকের জয় ১-০তে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচ ইন্দোরে, শুক্রবার।
বুধবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে নিজেদের কুয়ো খুঁড়েছে শ্রীলঙ্কাই। ৩ উইকেট হারিয়ে ১৮০ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। ৩৮ রানের মাথায় অধিনায়ক রোহিত শর্মা সাজঘরে ফিরলেও রানের চাকা সচল রেখেছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। ৭টি চার ও এক ছক্কায় ৪৮ বলে রাহুলের ৬১ রানের ইনিংসটি দলের সর্বোচ্চ।
১১৩ রানের মাথায় রাহুল ফিরলে ভারতকে বিশাল সংগ্রহ পাইয়ে দেন মহেন্দ্র সিং ধোনি ও মনিষ পান্ডে জুটি। ২২ বলে ৪ চারে ও এক ছক্কায় ৩৯ রানে অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক ধোনি। সমান দুই চার-ছক্কায় পান্ডে অপরাজিত ৩২ রানের ইনিংস সাজিয়ে, ২২ বলে।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৮৭ রানে অলআউট শ্রীলঙ্কা। দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন চার ব্যাটসম্যান। সর্বোচ্চ ২৩ রান এসেছে উপুল থারাঙ্গার ব্যাটে।
স্পিনার চাহাল মাত্র ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা। তিন উইকেট গেছে পেস-অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পকেটে। দুটি উইকেট স্পিনার কুলদীপ যাদবের। আরেকটি উইকেট গেছে পেসার জয়দেব উনাদকাটের ঝুলিতে।









