রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে রাজধানী মস্কোয় চলমান একটি সরকারবিরোধী ও দুর্নীতিবিরোধী বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে হাজারো মানুষ জড়ো হয়েছে রাস্তায়। মিছিল, র্যালিসহ বিভিন্ন ধরণের বিক্ষোভ কর্মসূচি চলছে। এরকমই একটি র্যালি থেকে গ্রেফতার করা হয় নাভালনিকে।
অ্যালেক্সেই নাভালনি মধ্য মস্কোয় র্যালিটিতে যোগ দেয়ার জন্য পৌঁছানোর সাথে সাথেই তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের অনেকেই বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
আটক হওয়ার পর অবশ্য এক টুইটবার্তায় নাভালনি সবাইকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বলেন, ‘বন্ধুরা, আমি ঠিক আছি। আমাকে বের করতে লড়াই করার কোনো দরকার নেই। ভার্সকায়া (মস্কোর প্রধান সড়ক) জুড়ে এগিয়ে যাও। এখনকার জন্য আমাদের আন্দোলনের বিষয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই।’
নাভালনি ছাড়া আরও ৫ শতাধিক বিক্ষোভকারীকে মস্কো এবং দেশের অন্যান্য স্থান থেকে আটক করা হয়েছে। বিবিসি জানিয়েছে, মিছিলগুলোর বেশিরভাগই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বেআইনিভাবে আয়োজন করা হয়।
টেলিভিশনে প্রকাশিত ভিডিওচিত্রে বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রী মেদভেদেভের পদত্যাগের দাবির পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও ‘পুতিন নিপাত যাক!’ (Down with Putin), ‘পুতিন ছাড়া রাশিয়া চাই!’ (Russia without Putin), ‘পুতিন একটা চোর!’ (Putin is a thief) ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, রাশিয়ায় ২০১১/২০১২ সালের পর এটাই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।








