অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুরের চলচ্চিত্র ‘পদ্মাবত’। রানী পদ্মাবতীকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে এর মাঝেই বহু ঝামেলা পেরিয়ে এসেছেন নির্মাতা ও সংশ্লিষ্ট সবাই।
রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকাকে দর্শক পর্দায় দেখতে পাবেন এবার পুলিশের চরিত্রে। তবে, বড় পর্দায় নয়, দীপিকার এই রূপ দেখা যাবে একটি বিজ্ঞাপন চিত্রে।
ধবধবে সাদা শার্ট, খাকি প্যান্ট, আর পরিপাটি করে বাঁধা চুলে একেবারে শক্তসমর্থ এক পুলিশ অফিসার দীপিকা পা তুলে বসে আছেন পুলিশ জিপের বনেটে। শুটিং থেকে তোলা সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেট দুনিয়ায়।
রানী পদ্মাবতীর রাজকীয় লুক ছেড়ে অনেকদিন পর নতুন চরিত্রের কোন লুকে যেন ফিরে পাওয়া গেল পুরনো দীপিকাকে।
কয়েকদিন আগেই দীপিকার প্রেমিক রণবীর সিংকেও দেখা গেছে পুলিশের পোশাকে, রোহিত শেঠীর নতুন চলচ্চিত্র ‘সিম্বা’র প্রথম পোস্টারে।








