শিশু রাকিব হত্যার ঘটনায় তার পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। মলদ্বারে কম্প্রেসার মেশিন দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে শিশু রাকিব হত্যার ঘটনায় শরিফ ও মিন্টুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় সাধারণ জনতা।
সোমবার গ্যারেজে কাজ করা শিশু রাকিব কর্মস্থল ছেড়ে দিয়ে অন্য গ্যারেজে চাকরি নেওয়ার অপরাধে তার মলদ্বারে কম্প্রেসার মেশিন দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে নির্যাতন করে শরিফ ও মিন্টু।
গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা রাকিবকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় আসার পথে রাত ১২টার দিকে মারা যায় শিশু রাকিব।
তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন: সাবাস জনতা! খুলনার শিশু রাকিবের খুনী শরিফ ও মিন্টুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এই অমানুষদ্বয় মলদ্বারে কম্প্রেসার মেশিন বসিয়ে পেটে বাতাস ভরে হত্যা করেছিলো রাকিবকে।
রাকিবের পরিবারের পাশে কি আমরা দাঁড়াবো না? এই খুনীদের শাস্তির দাবীতে কি আমরা সোচ্চার হবো না? কবে বন্ধ হবে এই অনাচার?






