একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনিটরিং সেল খুলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসব সেলগুলো থেকে নির্বাচনী পরিস্থিতি ও সহিংসতার সকল খবরের আপডেট পেতে চায় দলটি।
এ লক্ষ্যে দেশের আটটি বিভাগকে একক ধরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সুধাসদনে আটটি সেল খোলা হয়েছে৷ সেলগুলোর জন্য রাখা হয়েছে পৃথক পৃথক ফোন নম্বর। যেগুলোতে তৎক্ষণাৎ যে কেউ দেশের ৩০০ নির্বাচনী আসন থেকে নির্বাচনী যেকোন পরিস্থিতি এবং সহিংসতার খবর জানাতে পারবেন।
এছাড়া মনিটরিং সেলের ফ্যাক্স ও দলীয় সভাপতির অফিসের অভ্যর্থনা কক্ষে ফোন করেও দেশের যেকোন অঞ্চল থেকে তথ্য জানানো যাবে।
এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।
এইচ টি ইমাম বলেছেন: আপনাদের (সাংবাদিক) অধিকাংশের কাছেই আমার ফোন নম্বর রয়েছে। আপনারা যেকোন সময় আমাকে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোন খবর জানাতে পারবেন।
তিনি বলেন: যখনই কোনো সহিংসতার ঘটনা ঘটবে আপনাদের জেলা প্রতিনিধি আছে, আপনারা সেটা প্রচার করবেন; জাতীয় গণমাধ্যমে চলে আসলে সেটা আমাদেরও নজরে আসবে। দেশের জনগণ জানতে পারবে, প্রচারটাও ভালো হবে। অনেক টেলিভিশন চ্যানেলে উপজেলা পর্যায়ের প্রতিনিধি রয়েছে, কোন ঘটনা ঘটতে তখন সেটা তৎক্ষণাৎ প্রচার করলে আমরা জেনে নিতে পারবো।
এসময় নির্বাচনী সহিংসতার জন্য ঐক্যফ্রন্ট ও বিএনপিকে দায়ী করেন তিনি। আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত ও ২৫০ নেতা-কর্মী-সমর্থক আহতের তথ্যও জানান এইচ টি ইমাম।








