পেশায় তিনি রাঁধুনি। কিন্তু শখেই নেমে পড়তেন ম্যারাথনে। মাত্র ২৯ বছর বয়সে সেই দৌড়ের পথেই শেষ হয়ে গেল ম্যাট ক্যাম্পবেলের জীবন। লন্ডন ম্যারাথনে নেমেছিলেন তিনি। ২২.৫ মাইল দৌড়ানোর পর হঠাৎ পড়ে যান। সেখানেই সাময়িক চিকিৎসা দেয়া হয়। তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এর আগে ক্যাম্পবেল ম্যানচেস্টার ম্যারাথন শেষ করেছিলেন তিন ঘণ্টায়। সেখানে তিনি দৌড়তে নেমেছিলেন বাবা মার্টিনের স্মৃতিতে। দু’বছর আগেই মারা গেছেন ম্যাটের বাবা।
মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে বলে আয়োজকদের পক্ষে জানানো হয়েছে।
লন্ডন ম্যারাথনের আয়োজকরা জানান, ম্যাটের পরিবারকে সমবেদনাও জানানো হয়েছে। গত বছর ক্যাম্পবেল বিবিসি টেলিভিশনের ‘মাস্টারশেফ দ্য প্রফেশনাল’র সেমিফাইনালে পৌঁছেছিলেন।








