মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার করানোর বিকল্প নেই। তবে কোথায় তার অস্ত্রোপচার করা হবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে বিসিবি।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।
তবে ছুটিতে থাকায় ২২ আগস্টের আগে মোস্তাফিজের কাঁধের চিকিৎসা চালাতে পারবেন না তিনি। এ ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রোপচার সারতে দ্বিতীয় বিকল্প খুঁজছে বিসিবি। যদি সেটা ইংল্যান্ড থেকে উঠে গিয়ে অস্ট্রেলিয়ায় করাতে হয় সে সম্ভবনাও উড়িয়ে দিচ্ছে না বিসিবি।
তিনি বলেন: লেনার্ড ফ্রাঙ্ক জানিয়েছেন মোস্তাফিজের অস্ত্রোপচারটি হবে ৩০ মিনিটের মতো। তবে তাকে ৬ ঘন্টা অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণে থাকতে হবে।
কিন্তু বিসিবি চাইছে দু’এক দিনের মধ্যে তার অস্ত্রপচার সম্পন্ন করতে। তাই দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রপচার করতে আজ ইংল্যান্ডের শল্য চিকিৎসক অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাবেন এই টাইগার বোলিং সেনসেশনকে।
পাপন এরপরই যোগ করেন: যেহেতু ফ্রাঙ্ক ২২ তারিখের আগে পারছে না তাই বিসিবি চাইছে মোস্তাফিজের কাঁধের পরবর্তী মূল্যায়নের জন্য ইংল্যান্ডের অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাতে। ওয়ালেস ২২ তারিখের আগে অপারেশন করতে পারলে তাকে দিয়েই মোস্তাফিজের কাঁধের অপারেশন করানো হবে।
আমরা চাইছি দ্রুততম সময়ের মধ্যেই অপারেশনটা করতে। তবে ওয়ালেস দু’একদিনের মধ্যে দ্রুত না করাতে পারলে অস্ট্রেলিয়ায় যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে মোস্তাফিজ দেশে ফিরে আসবে। তারপর তাকে আমরা অস্ট্রেলিয়া পাঠাবো।








