নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে সালমারা হেরেছেন ৭ উইকেটে। প্রথম ম্যাচে ৬০ রানে হারতে হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ইংলিশ মেয়েরা এদিন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৭৬ রান তোলে তারা। সর্বোচ্চ স্কোরার আয়েশা রহমান। ৫২ বলে ৩৯ রান করেন তিনি। রুমানা আহমেদ (১০), জাহানারা আলম (১২) লড়াই করেও দলের স্কোর বড় করতে পারেননি।
জবাব দিতে নেমে ইংল্যান্ড ১৩ রানে দুই উইকেট হারায়। ৫১ রান তুলতে চলে যায় তিন উইকেট। কিছুক্ষণ পর বৃষ্টি নামলে ইংলিশদের জয়ের সম্ভাবনা বেড়ে যায়। শেষ পর্যন্ত দলটির খেলতে হয় ৯.৩ ওভার। বৃষ্টি আইনে ৬৪ রান তুলে এর মধ্যেই জয় নিশ্চিত করে ফেলে দলটি। জোনস (২৮) এবং নাইট (১১) অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
সালমা খাতুন তিন ওভার বল করে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন। অন্য উইকেটটি খাদিজা তুল কুবরার।
গ্রুপপর্বে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ সেন্ট লুসিয়ায়। ১৪ ও ১৮ নভেম্বর।







