সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সাথে মেয়র পদে তার দায়িত্ব পালনে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া আরিফুল হকের বরখাস্তের আদেশ কেন বেআইনী হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রোববার সাময়িক বরখাস্তের আদেশ বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আরিফুল হক।
২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।








