আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। আগের বছরগুলোতে পরীক্ষা শুরু হবার ১৫ মিনিট পরও পরীক্ষার হলে প্রবেশ করার সুযোগ থাকতো।
কিন্ত এবারই প্রথম ঠিক ১০টায়ই পরীক্ষার কেন্দ্রের মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ কেউ যে কোনো কারণে এক মিনিট বিলম্ব করলে তার আর পরীক্ষা দেওয়া হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা-পূর্ববর্তী একটি আলোচনায় এই কঠোর সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও আলোচনায় উল্লেখ করা হয়।
পরীক্ষার্থীদের প্রবেশের জন্য সকাল ৯টা থেকে পরীক্ষা কেন্দ্র খোলা থাকবে।







