মাদক ব্যবসা ও পাচার নিয়ে কাজ করার জন্য বিখ্যাত ও পুরস্কার বিজয়ী মেক্সিকান সাংবাদিক হাভিয়ের ভালদেজ আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
বিবিসি জানায়, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিনালোয়ার সুলিয়াকান শহরে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ওই শহরই তার আবাস এবং কর্মস্থল ছিল।
ভালদেজের প্রতিষ্ঠিত মেক্সিকান সাপ্তাহিক পত্রিকা রিওডোসে’র সামনের রাস্তায়ই তাকে গুলি করা হয়।
বার্তা সংস্থা এএফপি’র তথ্য অনুসারে, ৫০ বছর বয়সী ভালদেজ ২০১১ সালে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর পক্ষ থেকে ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড’ জেতেন। মাদক পাচারের ওপর করা প্রতিবেদনের জন্য তিনি পুরস্কারটি পান।
ভালদেজকে নিয়ে চলতি বছর মেক্সিকোতে মোট পাঁচ সাংবাদিক হত্যার শিকার হলেন। গত বছরই একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভালদেজ বলেছিলেন, ‘সাংবাদিক হওয়া মানে ব্ল্যাকলিস্টে থাকা।’ তার নিহত হওয়ার মধ্য দিয়ে এ কথাটাই প্রমাণ হলো।
হাভিয়ের ভালদেজ প্রায় তিন দশকের ক্যারিয়ারে শক্তিশালী মাদক চক্র, সিনালোয়াসহ মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে মাদক পাচার এবং সংঘবদ্ধ অপরাধ সম্পর্কে ব্যাপক লেখালিখি করেছেন।







