মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চারজনের বিষয়ে যেকোন দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই মামলার চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। মামলার আসামিরা হলেন, মো.আমজাদ হোসেন মোল্লা, মো.ওহাব মোল্লা, মো.মাহতাব বিশ্বাস, মো.ফসিয়ার রহমান মোল্লা ও মো.নওশের বিশ্বাস।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মো. সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আর আসামি পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়।








