বাজেটে সরকার যেভাবে মানুষের ওপর মাত্রাহীন করের বোঝা চাপিয়ে দিয়েছে তাতে মানুষের দুঃখ-কষ্টের কোন সীমা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিশাল বাজেট জনগণের কোন কল্যাণ বয়ে আনবে না বলেও তিনি দাবি করেছেন।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির পুস্তক প্রদর্শনী-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতকে অবহেলা করে মেগা প্রজেক্টগুলোর জন্য বড় বাজেট দিয়ে মেগা দুর্নীতির সুযোগ সৃষ্টি করছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘অনৈতিক সরকার নতুন একটি বাজেট সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। আজকের পত্রিকাগুলো দেখবেন সেখানে বিভিন্ন কার্টুন ছাপিয়ে বাজেটে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি প্রকাশ করা হয়েছে। এই বিশাল বাজেট জনগণের কোন কল্যাণ বয়ে আনবে না বরং এটি বিশাল একটি বোঝা।’
বর্তমান সরকারের কোন জবাবদিহীতা ও দায়বদ্ধতা নেই বলে তারা যেমন ইচ্ছে তেমন করছে মন্তব্য করে ফখরুল বলেন, এই অন্যায়, অবিচার সম্পর্কে সচেতন হতে হবে।
এই ‘দুর্যোগ’ থেকে বেরিয়ে আসতে সবাইকে তিনি বই পাঠে মনোযোগ দিতে বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম।
বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা দক্ষিণের সখাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।








