মৌসুমটা যাচ্ছেতাই যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরের! বাজে ফর্মের কারণে প্রায়ই ট্রলের শিকার হন এই ইংলিশম্যান। মাঠে তার সক্ষমতা নিয়েও বিস্তর প্রশ্ন। এবার সবকিছু ছাপিয়ে গেলেন রেড ডেভিল সমর্থকরা, দিলেন বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি।
দ্য সান জানিয়েছে, হুমকিটি একটি ইমেলের আকারে এসেছিল। সেখানে ম্যাগুয়েরেকে সতর্ক করা হয়েছিল যে, তার বাগদত্তা ফার্ন হকিন্স এবং দুই কন্যা নিয়ে যেখানে বাস করছেন, সেই বাড়িটিতে বোমা লাগানো হবে।
হুমকি বার্তা পাওয়ার পর পুলিশকে জানালে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারকে নিরাপত্তা প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে চেশায়ার পুলিশের কিছু অফিসার এবং তাদের অভিজ্ঞ কুকুর বাড়িটি ঘিরে রেখেছিল বলে প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ম্যাগুয়েরের একজন মুখপাত্র বলেছেন, ‘গত ২৪ ঘন্টায়, হ্যারি বড় ধরনের হুমকি পেয়েছেন। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছে। তার পরিবার এবং তার আশেপাশের লোকদের নিরাপত্তা অবশ্যই হ্যারির অন্যতম অগ্রাধিকার। তিনি এই আসছে ম্যাচের জন্য (আর্সেনাল) স্বাভাবিকভাবে প্রস্তুতি চালিয়ে যাবেন।’








