বর্তমান যুগে অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে ডিজিটাল মনিটরিং প্রয়োজন জানিয়ে ঢাকা মহানগরের পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর ৮০ লাখ নাগরিকের তথ্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এর ডেটাবেজে সংরক্ষিত আছে।
মঙ্গলবার রাজধানীর আফতারনগরের জহুরুল ইসলাম সিটি সিসিটিভি কন্ট্রোল রুম শুভ উদ্বোধন ও পুলিশ সেবা সপ্তাহের র্যালি শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, একটি টেকসই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বের উন্নত শহর গুলোর মত আমরা ঢাকা শহরের নাগরিকদের তথ্য সংগ্রহ করেছি, আধুনিক তথ্য ডেটাবেজ করেছি যার নাম সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)। এই মুহুর্তে রাজধানীর ৮০ লাখ নাগরিকের তথ্য আছে আমাদের ডেটাবেজে। তাইতো কোনো এলাকায় অপরাধ সংঘটিত হলে ওই এলাকার ওই বাসায় কোন লোক বসবাস করে তা সহজেই আমরা খুঁজে বের করতে পারি এ ডেটাবেজের মাধ্যমে।
আছাদুজ্জামান মিয়া বলেন, মহানগরীতে ছিনতাই ডাকাতি অজ্ঞান পার্টি মলম পার্টির এসব এখন আর নেই বললেই চলে তারপরও দু একটা ঘটনা সংঘটিত হলে আমরা ন্যূনতম সময়ের মধ্যে তা চিহ্নিত করে ফেলছি কারণ আমরা এখানে প্রযুক্তির ব্যবহার করছি সিসি টিভির মাধ্যমে পর্যালোচনা করছি।
শুধু অপরাধ ও অপরাধের জন্য নয়, ডিজিটাল মনিটরিং দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আবশ্যক জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: ইতিমধ্যে আপনারা জানেন গুলশান বনানী, নিকেতন বারিধারা বিভিন্ন সোসাইটির মাধ্যমে হাজার হাজার সিসি ক্যামেরা ব্যবস্থা করে এলাকাগুলোকে ডিজিটাল মনিটরিংয়ের ভেতর নিয়ে এসেছি ফলে ওইসব এলাকাগুলোতে অপরাধ এক প্রকার শূন্য।
তারই ধারাবাহিকতায় আজকে আফতাবনগর জহুরুল ইসলাম সিটিতে এক’শ সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন হলো তাতে এখানকার অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বলতে পারি এই সিসিটিভি স্থাপনের মাধ্যমে এলাকায় টেকসই নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরাইশি, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) কৃষ্ণপদ রায়, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, গুলশান পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক হোসেন খানসহ অন্যান্যরা।








