কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার লিগ্যাল টিমের পরামর্শক বৃটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে সরকার বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন: লর্ড কার্লাইলকে বাংলাদেশে আসতে বাধা দেয়া হয়েছে। ৮ মে’র সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানিতে দেশনেত্রীর ডিফেন্স টিমে অংশগ্রহণ করতে তিনি গত কয়েক সপ্তাহ আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু হাইকমিশন তাকে ‘হ্যাঁও’ বলেনি, ‘নাও’ বলেনি। এতে স্পষ্ট যে, সরকার প্রত্যক্ষভাবে লর্ড কার্লাইলকে বাংলাদেশে ঢুকতে বাধা দিচ্ছে। খালেদা জিয়ার যে শক্তিশালী লিগ্যাল টিম আছে তা যাতে আরো শক্তিশালী না হয়, সেজন্যই বেআইনিভাবে তাকে ভিসা দেয়া হয়নি।
রিজভী বলেন: আমরা বার বার বলে এসেছি, প্রতিহিংসার বশবর্তী হয়ে দেশনেত্রীর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এবং তাকে সাজা দেয়া হয়েছে। লর্ড কার্লাইল সম্প্রতি আল-জাজিরা টেলিভিশনে যে সাক্ষাতকার দিয়েছেন তাতে তার বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে। কারণ বৃটিশ এই আইনজীবী বলেছেন, মামলার ডকুমেন্ট পর্যালোচনা করে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের নিম্ন আদালত যে অভিযোগে সোপর্দ করা হয়েছে, যে বিষয়ে তাকে অভিযুক্ত করার কিছু নেই। সাজা দেয়া দুরে থাক।
তিনি আরো বলেন: সর্বোচ্চ আদালতে বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি চলছে। আমরা আশা করি বিচার বিভাগ সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন, সেখান থেকে আমরা ন্যায় বিচার পাবো।






