কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নেয় ব্রাজিল। দলের ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিলেন ব্রাজিল অধিনায়ক নেইমার। বার্সেলোনা সুপারস্টার বলেছেন, কোপায় দল যে ভুল করেছে তার সব দোষ আমার।
গ্রুপপর্বে কলম্বিয়া ম্যাচে মারামারি ও রেফারিকে অপমান করার দায়ে ৪ ম্যাচ নিষিদ্ধ হন নেইমার৷ সঙ্গে ১০ হাজার মার্কিন ডলার জরিমানাও গুণতে হয় তাকে। এরপর ভেনেজুয়েলার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ব্রাজিল জিতলেও কোয়ার্টার ফাইনালে আটকে যায় তারা।
তবে সেলেকাও অধিনায়ক বলেছেন, এই রকম ভুলের পুনরাবৃত্তি হবে না বলেই তার বিশ্বাস।
নেইমার বলেন, আমি হতাশ নই, কারণ এটা আমার দোষ এবং আমার ভুল ছিলো। আমি যে ভুল করেছি তা থেকে আমার শিক্ষা হয়েছে।
কোপা আমেরিকার আটবারের শিরোপাজয়ী ব্রাজিল সর্বশেষ কোপা আমেরিকা ট্রফি ঘরে নিয়েছিলো ২০০৭ সালে।
বিশ্বকাপের পর কোপা আমেরিকা, পরপর দুটি বড় বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থ হলেও ২০১৬ সালে ঘরের মাঠে অলিম্পিক খেলার আশায় আছেন নেইমার।







