ব্যক্তিগত গোপনীয়তা নাগরিকদের মৌলিক অধিকার, বৃহস্পতিবার এক রায়ে এমনটি জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নয় সদস্যের বিশেষ সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন।
এর আগে সর্বোচ্চ আদালতেরই দুটি বেঞ্চ পৃথক রায়ে বলেছিল যে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। সেই দুটি রায় আজ খারিজ হয়ে গেল।
সাংবিধানিক বেঞ্চ জানিয়েছেন, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী জীবনের অধিকারের মতোই নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখাও একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।
আধার কার্ডকে সরকার যেভাবে ব্যাঙ্কিং, আয়কর, ভর্তুকি ও নানা সামাজিক সুরক্ষা প্রকল্প, জন্ম-মৃত্যুর সনদ দেওয়াসহ নানা পরিষেবার জন্য বাধ্যতামূলক করছে, তার ফলে নাগরিকের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সরকারের হস্তগত হচ্ছে কী না, তা নিয়েই এই মৌলিক অধিকারের প্রশ্নটি এসেছিল আদালতের কাছে।
আধার কার্ড বাধ্যতামূলক করার প্রসঙ্গে অবশ্য আদালত আজ কোনও মন্তব্য করেনি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ বলছেন, মূল প্রশ্নটির সমাধান করে দিয়েছে আদালত। এবারে আধার কার্ড বাধ্যতামূলক করা সংক্রান্ত বিষয়গুলো অন্য, কম সদস্যের বেঞ্চে যাবে। সেখানেই রায় দেওয়া হবে এ রায়ের পরিপ্রেক্ষিতে।
ভারতের জাতীয় পরিচয়পত্র ‘আধার কার্ড’-এ নাগরিকদের আঙ্গুলের ছাপ, চোখের মনির ছবিসহ বিস্তারিত তথ্য সংগৃহীত থাকে। সেই তথ্য সংগ্রহে একাধিক সংস্থা যুক্ত থাকে। বেশ কয়েকবার আধার কার্ডের তথ্য পাচারেরও অভিযোগ সামনে এসেছে।








