জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আবারও হুমকি দিয়ে সতর্কতামূলক দুটি ভিডিও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ব্রাসেলস হামলার মধ্য দিয়ে তাদের সন্ত্রাসী হামলা সবেমাত্র শুরু হয়েছে। এ খবর দিয়েছে বেলজিয়ামের টেলিভিশন ‘আরটিবিএফ’।
এতে বলা হয়, ওই ভিডিও দুটি পাঠানো হয়েছে বেলজিয়ামের পত্রিকা লি সোয়ের-এ। তাতে দেখা যায় সিরিয়া ও ইরাক থেকে সেনা প্রত্যাহারের জন্য পশ্চিমা দেশগুলোকে নির্দেশ দিচ্ছে আইএস সদস্য।
একটি ভিডিওতে তাদের একজন বলছে, তাদেরকে (পশ্চিমা দেশ) বলো তাদের বিমান ও সোনবাহিনীকে প্রত্যাহার করে নিতে। তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবে। ভয়াবহতা সবেমাত্র শুরু হয়েছে। আমরা আবারও আসবো আরও বেশি সক্ষমতা নিয়ে।
এতে আরো বলা হয়, এক বছর আগে দেয়া আমাদের বার্তাটির কথা স্মরণ করো। তখন ঘোষণা দিয়েছিলাম, আমরা প্যারিসে ও ব্রাসেলসে হামলা চালাবো। আমরা তা অর্জন করেছি। এখন আমাদের সামনে আরও টার্গেট আছে।
গত মঙ্গলবার ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে প্রথম হামলা চালায় আইএস। দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত ১৪ জন। এর এক ঘণ্টা পরে মালবিক মেট্রো স্টেশনে আরেক আত্মঘাতী হামলায় আরো ২০ জন নিহত হন।







