অনেকবারই বলেছেন, বার্সেলোনাই তার শেষ ঠিকানা। এখানে খেলেই জার্সি-বুট তুলে রাখতে চান। এরপরও যদি ভিন্ন কোন ক্লাবে খেলতে হয়, তাহলে সেটা হবে শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউ ওল্ড বয়েজ। কিন্তু এবার হয়ত সেই সিদ্ধান্ত বদল করলেন এমএলটেন! ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ক্লাবে যে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ফুটবল জাদুকর।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর যুক্তরাষ্ট্রের লিগে খেলেছেন বেকহ্যাম। অবসরের পর সেখানেই একটা ক্লাব কিনেছেন। ইংলিশ তারকার মালিকানাধীন মিয়ামি এমএলএসে খেলার কথা আগ্রহ করেই জানিয়েছেন মেসি। নিজের ইচ্ছের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন বার্সেলোনা বরপুত্র।
বেকহ্যামের ক্লাব এখনো মেজর লিগ সকারে খেলা শুরু করেনি। ২০২০ সালে আগে কোন ম্যাচ খেলবেও না তারা। তবে মাঠে নামার আগেই ফুটবলের ‘ফ্যাশন বয়ে’র ক্লাবকে শুভকামনা জানিয়েছেন মেসি।
টুইটারে লিখেছেন, ‘হাই ডেভিড, প্রথমেই অভিনন্দনই। আশা করি নতুন প্রকল্পের সবকিছুই ভাল হবে। যে নতুন পথে আপনি যাচ্ছেন এবং যারা এ ব্যাপারে জানেন, তারা হয়ত দেখবেন কয়েক বছর পর আপনি আমাকেও সেখানে ডাকবেন।’








